পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পদ্মাটাইমস ডেস্ক: পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি জানান, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি আগামী ১২ মার্চ জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করবেন।
রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ে পরিবর্তন কবে আসতে পারে- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কিছু পরিবর্তন তো আসবে, একটু সময় দিলে আরকি।”
সংসদ অধিবেশন প্রসঙ্গে তিনি বলেন, অধিবেশন আহ্বানের প্রজ্ঞাপন সেশন শুরুর কমপক্ষে ১৫ দিন আগে জারি করতে হয়। সংসদ সচিবালয় থেকে সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি অনুমোদন দেওয়ার পরই অধিবেশন আহ্বান করা হবে। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে আগামী ১২ মার্চ সংসদ অধিবেশন ডাকা হবে।
তিনি আরও জানান, ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে। প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণও থাকবে এবং সংসদের অন্যান্য নৈমিত্তিক কার্যক্রম পরিচালিত হবে।
নতুন রাষ্ট্রপতি ও স্পিকার নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। তবে স্পিকার নির্বাচন পরবর্তী সময়ে হবে বলে জানান তিনি।
রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “এ রকম একটি সংবাদ আমাদের কানেও এসেছে। আমি খোঁজ নিতে বলেছি এবং তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছি। যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”




