চাঁপাইনবাবগঞ্জে বিয়েবাড়িতে গান বাজানোয় কনের বাবাকে পিটুনি

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিয়েবাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে কনের বাবা ও তাঁর স্বজনদের মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ মার্চ) জুমার নামাজের পর উপজেলার আলীনগর ইউনিয়নের মকরমপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী কনের বাবা আবুল কালাম আজাদ জানান, গত ২৩ মার্চ মসজিদসংলগ্ন তাঁর শ্বশুর আশিকুল ইসলামের বাড়িতে মেয়ের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাউন্ডবক্সে গান বাজানো হচ্ছিল, তবে তা উচ্চ শব্দে নয় বলে দাবি করেন তিনি। এরপরও গ্রামের মোড়ল শরিফুল ইসলামের নির্দেশে কিছু লোক এসে হুমকি দেন। পরে তাঁরা বিষয়টি স্বীকার করে দুঃখ প্রকাশ করেন এবং গান বাজানো বন্ধ করে দেন।
তিনি অভিযোগ করেন, ওই ঘটনার জেরে শুক্রবার জুমার নামাজ শেষে শরিফুল ইসলাম লোকজনকে উসকে দেন। তাঁর নির্দেশে তাঁকে ছাড়াও চাচাতো ভাই মুসলিম ও আহাদ, ফুফাতো ভাই শরিফ এবং চাচা দুরুল ও আসগরকে মারধর করা হয়। এ সময় তাঁর শ্বশুর মসজিদ থেকে পালিয়ে যান। ঘটনার পর থেকে শ্বশুর-শাশুড়ি ভয়ে বাড়ি ছেড়ে বাইরে অবস্থান করছেন বলে জানান তিনি।
কনের খালা তানিয়া আক্তার বলেন, তাঁর বাবা-মা আতঙ্কে বাড়ি ছেড়ে রয়েছেন। অভিযুক্তদের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করে তিনি বলেন, “যেখানেই পাওয়া যাবে, মারধর করা হবে।” এ ঘটনায় পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে এবং লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। শনিবার থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শরিফুল ইসলাম। তিনি বলেন, কাউকে মারধর করা হয়নি। কেবল গান বাজানো নিয়ে কৈফিয়ত চাওয়া হয়েছিল এবং এ নিয়ে বাগ্বিতণ্ডা হয়েছে। তিনি দাবি করেন, গত দুই বছর ধরে গ্রামটিতে সাউন্ডবক্সে গান বাজানো সামাজিকভাবে নিষিদ্ধ এবং সেই কারণেই স্থানীয়রা আপত্তি জানিয়েছেন। এতে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন তিনি।
গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা নেই। ভুক্তভোগী পক্ষের সঙ্গে কথা হয়েছে এবং থানায় এসে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




