১৭ দিন পর সচল সোনামসজিদ স্থলবন্দর, ফের শুরু পাথর আমদানি

প্রকাশিত: মে ১৯, ২০২৬; সময়: ৭:০৩ pm | 
খবর > অর্থনীতি

আতিক ইসলাম, শিবগঞ্জ: টানা ১৭ দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও পাথর আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত দেড় শতাধিক পাথরবাহী ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম।

বন্দর সূত্র জানায়, এলসি ভ্যালু বৃদ্ধির প্রতিবাদে গত ২ মে থেকে ১৮ মে পর্যন্ত পাথর আমদানি বন্ধ ছিল। দীর্ঘ এই অচলাবস্থার পর উভয় দেশের আমদানি ও রফতানিকারক সংগঠনের মধ্যে অনলাইন বৈঠকের মাধ্যমে সমঝোতা হয়।

বৈঠকে পাথরের টনপ্রতি শুল্কায়ন মূল্য ১৪ ডলারে নির্ধারণ করা হয়। এর আগে প্রতি টন পাথর সর্বোচ্চ ১৩ ডলারে আমদানি করা হলেও হঠাৎ করে তা বাড়িয়ে ১৫ ডলার নির্ধারণ করায় ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা এবং আমদানি কার্যক্রম বন্ধ রাখেন।

সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি বলেন, মূল্য সমন্বয়ের বিষয়টি নিয়ে সমঝোতার পর আমদানি পুনরায় শুরু হয়েছে।

পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত দেড় শতাধিক পাথরবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেছে। ফলে বন্দর কার্যক্রম আবারও স্বাভাবিক ধারায় ফিরতে শুরু করেছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন