ইসলামী ব্যাংকের মানববন্ধনে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে অংশগ্রহণকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার সকালে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম-এর ব্যানারে ব্যাংকটির নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সকাল সাড়ে ৯টার দিকে কর্মসূচি শুরু হলেও ১০টার আগেই পুলিশ তা বন্ধ করে দেয়।
ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে উপস্থিত হলেও সেগুলো প্রদর্শনের পূর্ণ সুযোগ পাননি। ব্যানারে নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান লেখা ছিল।
সূত্র জানায়, ঈদের আগে শেষ কর্মদিবসে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। তিনি বাংলাদেশ ব্যাংক মনোনীত স্বতন্ত্র পরিচালক ছিলেন। একই দিন রাতে সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলম-কে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এ নিয়োগের প্রতিবাদে ঈদের ছুটির সময় দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এরই ধারাবাহিকতায় সোমবার অফিস শুরু হওয়ার আগেই মতিঝিলে মানববন্ধনের আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচির জন্য পূর্বানুমতি না থাকার বিষয়টি উল্লেখ করে পুলিশ অংশগ্রহণকারীদের সরে যেতে বলে। তবে ব্যানার প্রদর্শন অব্যাহত থাকলে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুরো ব্যাংকপাড়া এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম বলেন, “ব্যাংকটির কিছু গ্রাহক সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। আমরা তাদের সরিয়ে দিয়েছি।”
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি স্বাভাবিক রাখা হয়।




