১ জুলাই থেকে নতুন পে-স্কেল আংশিকভাবে বাস্তবায়নের ঘোষণা

প্রকাশিত: জুন ১১, ২০২৬; সময়: ৬:৫০ pm | 
খবর > অর্থনীতি

পদ্মাটাইমস ডেস্ক : সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বা পে-স্কেল আগামী ১ জুলাই থেকে আংশিকভাবে কার্যকর করা হবে বলে জানিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে এ তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে তিনি জানান, সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আগামী ১ জুলাই থেকে আংশিকভাবে নতুন পে-স্কেল কার্যকর হবে।

অর্থমন্ত্রী বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো পুনর্নির্ধারণে গঠিত পে কমিশনের সুপারিশ বর্তমানে সরকার পর্যালোচনা করছে। এ বিষয়ে আরও বিস্তারিত যাচাই-বাছাইয়ের জন্য একটি সচিব কমিটিও কাজ করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের গঠিত পে কমিশনের সুপারিশ এখনো চূড়ান্ত হয়নি। সচিব কমিটির পর্যালোচনার পর একটি সুপারিশমালা সরকারের কাছে জমা দেওয়া হবে। এরপরই নতুন বেতন কাঠামোর পূর্ণাঙ্গ রূপরেখা নির্ধারণ করা হবে।

তবে সূত্রগুলো আরও জানায়, পে কমিশনের প্রস্তাবিত বেতন বৃদ্ধির হার কিছুটা কমিয়ে সংশোধিত সুপারিশ দেওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে চূড়ান্ত পে-স্কেলে কমিশনের মূল প্রস্তাবের তুলনায় কিছু পরিবর্তন আসতে পারে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন