পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের

প্রকাশিত: জুন ১৫, ২০২৬; সময়: ৯:৩১ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক: পদ্মার চরাঞ্চলের মানুষের নানা সমস্যা, সীমান্ত নিরাপত্তা এবং সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সোমবার বিকেলে পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের চরখিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব বিষয়ে বক্তব্য দেন।

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক বলেন, সীমান্তে পুশ-ইন একটি বেআইনি কার্যক্রম। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও সতর্ক থাকতে হবে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সীমান্ত এলাকায় পুশ-ইনের অপচেষ্টা দেখা গেলেও বিজিবি ও স্থানীয় জনগণের সতর্কতার কারণে অধিকাংশ ক্ষেত্রেই তা প্রতিহত করা সম্ভব হয়েছে।

সভায় চরাঞ্চলের বাসিন্দারা চিকিৎসা, শিক্ষা, যোগাযোগব্যবস্থা ও দুর্যোগ মোকাবিলা নিয়ে দীর্ঘদিনের ভোগান্তির কথা তুলে ধরেন। চরখানপুর এলাকার বাসিন্দা কমর আলী জানান, প্রায় সাড়ে তিন হাজার ভোটারের ওই এলাকায় কোনো কমিউনিটি ক্লিনিক বা চিকিৎসাকেন্দ্র নেই। ফলে চিকিৎসাসেবা নিতে প্রায় ১০ কিলোমিটার দূরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হয়। এতে গর্ভবতী নারী, শিশু ও বয়স্করা চরম দুর্ভোগে পড়ছেন।

হরিয়ান ইউনিয়ন পরিষদের সদস্য আবু জাফর প্রমিজ বলেন, শহরের কাছাকাছি অবস্থান করলেও চরাঞ্চলের মানুষ এখনও অনেক মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। বর্ষা ও বন্যার সময়ে তাদের দুর্ভোগ আরও বেড়ে যায়। তিনি দুটি ওয়ার্ডে সাইক্লোন শেল্টার নির্মাণ, ঝুঁকিপূর্ণ এলাকায় সোলার সড়কবাতি স্থাপন এবং গবাদিপশুর জন্য উঁচু আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবি জানান। পাশাপাশি এলাকায় রাসেলস ভাইপারের উপদ্রব বৃদ্ধির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।

জেলা প্রশাসক বলেন, কৃষকদের জন্য কৃষি কার্ড, নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে প্রশাসন কাজ করছে। এসব সেবার সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই প্রশাসনের প্রধান দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। চরাঞ্চলে এটিই তাঁর প্রথম সফর উল্লেখ করে তিনি এলাকার সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি ভবিষ্যতেও উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন বলে জানান।

সভায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, পার্শ্ববর্তী দেশে নাগরিকত্বসংক্রান্ত নতুন আইন কার্যকর হওয়ার পর সীমান্ত এলাকায় কিছুটা অস্থিরতা সৃষ্টি হয়েছে। এর ফলে অবৈধ অনুপ্রবেশের ঝুঁকি বেড়েছে। কয়েক দিন আগে রাজশাহী সীমান্ত এলাকায় এমন একটি অপচেষ্টা স্থানীয় গ্রামবাসী ও বিজিবির তৎপরতায় ব্যর্থ হয়েছে বলেও তিনি জানান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, হরিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন