যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে ছাত্রলীগের বিক্ষোভ

প্রকাশিত: জুন ১৭, ২০২৬; সময়: ৮:২২ pm | 
খবর > রাজনীতি

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ: বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সব রাজবন্দীর মুক্তির দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বলে দাবি করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ।

বুধবার (১৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে জেলা ছাত্রলীগের উদ্যোগে মিছিলটি অনুষ্ঠিত হয় বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়। মিছিলটি মহাসড়কের একটি অংশ প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজবন্দীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এ ঘটনার ২৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে।

তবে বিক্ষোভ মিছিলের বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম। তিনি বলেন, “যমুনা সেতুর পশ্চিম পাড় মহাসড়কে কোনো বিক্ষোভ মিছিল হয়নি। ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ার কথা শুনেছি। তবে সেটি আমার থানা এলাকার কোনো স্থান নয়।”

ভিডিওটির স্থান ও ঘটনার সত্যতা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন