মোহনপুরের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ছাত্রদলের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক, মোহনপুর: রাজশাহীর মোহনপুর উপজেলার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক ও সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল। সোমবার (২২ জুন) দুপুর ২টায় উপজেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতিতে তারা এ বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে ছাত্রদল নেতারা বলেন, আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল-মিটিং করছে। মোহনপুরে এ ধরনের কোনো কর্মসূচি পালনের চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। এ লক্ষ্যে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথাও জানান তারা।
তারা অভিযোগ করেন, একটি মহল মোহনপুর উপজেলা বিএনপির কমিটিকে বিতর্কিত করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে। এসব প্রচারণাকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান ছাত্রদল নেতারা।
বিবৃতিতে আব্দুর রাজ্জাক ও মাহমুদুল হাসান রুবেল বলেন, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুন ইসলাম মুন ও সাধারণ সম্পাদক মাহাবুব আর রশিদের নেতৃত্ব দলের জন্য গুরুত্বপূর্ণ। দলের দুঃসময়ে তারা নেতাকর্মীদের পাশে ছিলেন এবং বিভিন্ন রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সাহস ও সহযোগিতা দিয়েছেন।
তারা আরও বলেন, বিএনপির কঠিন সময়ে মাহাবুব আর রশিদ উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে সময় তিনি দলীয় কার্যালয় সচল রাখা এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বিবৃতিতে আরও বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর মোহনপুরে দলের সাংগঠনিক কার্যক্রম সুসংহত করতে মাহাবুব আর রশিদের নেতৃত্ব গুরুত্বপূর্ণ অবদান রাখে। দলের জন্য তার অবদান, ত্যাগ ও সাংগঠনিক ভূমিকার কথা নেতাকর্মীরা সবসময় স্মরণ রাখবেন বলেও উল্লেখ করা হয়।
সবশেষে ছাত্রদল নেতারা মাহাবুব আর রশিদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।




