ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন জমা শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন

পদ্মাটাইমস ডেস্ক : বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে। সোমবার (২৯ জুন) থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) আবেদন জমা নেওয়া শুরু করে। প্রথম দিনেই ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাকে আবেদনকারীদের দীর্ঘ লাইন দেখা গেছে।
দীর্ঘদিন পর ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় আবেদনকারীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। অনেকেই সকাল থেকেই ভিসা আবেদন জমা দিতে আইভ্যাকে ভিড় করেন।
এর আগে গত বৃহস্পতিবার ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনকালে বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশিদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দেন।
গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত নিয়মিত ভিসা ইস্যু স্থগিত করে। পরে সীমিত পরিসরে মেডিকেল, বিজনেস ও স্টুডেন্ট ভিসা চালু থাকলেও পর্যটন ভিসা বন্ধ ছিল।
নতুন হাইকমিশনার দায়িত্ব নেওয়ার পর সেই অচলাবস্থার অবসান হলো। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার আইভ্যাক কেন্দ্রে পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য কেন্দ্রেও এ সেবা চালু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।




