যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন।
এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম, বরেন্দ্র গবেষণা জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক কাজী মো. মোস্তাফিজুর রহমান এবং দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত জাদুঘরের বিভিন্ন গ্যালারি, প্রাচীন পুঁথির সংগ্রহ এবং গ্রন্থাগার ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহের বহিঃপ্রকাশ হিসেবেই এই সফর। তিনি বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বরেন্দ্র গবেষণা জাদুঘর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন।
এ সময় ভবিষ্যতে জাদুঘরের মূল্যবান সংগ্রহ সংরক্ষণে সহযোগিতামূলকভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি। পরিদর্শন শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।




