মেসির জাদুতে উচ্ছ্বসিত পূর্ণিমা
আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়ের পর সামাজিক মাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া অভিনেত্রীর

পদ্মাটাইমস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার নাটকীয় জয় এবং অধিনায়ক লিওনেল মেসির অনন্য নৈপুণ্যে উচ্ছ্বসিত হয়েছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। সেই তালিকায় রয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি আর্জেন্টিনা দল এবং মেসির প্রশংসায় ভাসিয়েছেন।
আর্জেন্টিনার স্মরণীয় জয়ের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি আনন্দঘন ছবি প্রকাশ করেন পূর্ণিমা। ছবির সঙ্গে দেওয়া বার্তায় তিনি লেখেন, ‘আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত।’
ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্তের কথা তুলে ধরে পূর্ণিমা বলেন, যখন বিশ্বের অনেকেই ভেবেছিলেন ম্যাচটি আর্জেন্টিনার হাতছাড়া হয়ে গেছে, ঠিক তখনই মেসি ও তাঁর সতীর্থরা প্রকৃত চ্যাম্পিয়নের মানসিক দৃঢ়তা, সাহস ও আত্মবিশ্বাসের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি আরও লেখেন, ‘মেসি এবং তাঁর যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়। সাহস, আবেগ ও বিশ্বাসই নান্দনিকভাবে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ।’
পূর্ণিমার এই অনুভূতিপূর্ণ বার্তা প্রকাশের পর তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মন্তব্যের ঘরে তাঁর ভক্ত-অনুরাগীরাও আর্জেন্টিনার জয় উদযাপন করেন এবং মেসির প্রশংসায় নানা প্রতিক্রিয়া জানান।
বিশ্বকাপের আবহে দেশের বিনোদন অঙ্গনের অনেক তারকার মতো পূর্ণিমার প্রতিক্রিয়াও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রতিদ্বন্দ্বিতার উত্তাপের মধ্যেও প্রিয় দলের জয় উদযাপনের এই আবেগ সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন মাত্রা যোগ করেছে।




