২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফলাফল

জুলাইয়েই ফল প্রস্তুত, প্রকাশের তারিখ পরে জানাবে শিক্ষা মন্ত্রণালয়

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬; সময়: ৪:১৭ pm | 
খবর > শিক্ষাঙ্গন

পদ্মাটাইমস ডেস্ক : চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। তবে আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, জুলাই মাসের মধ্যেই ফলাফল প্রস্তুতের কাজ শেষ করা হবে। প্রকাশের নির্দিষ্ট তারিখ পরে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হবে।

শনিবার (১৮ জুলাই) আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ফল প্রকাশের লক্ষ্যে শিক্ষা বোর্ডগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যস্ত থাকায় ফল প্রস্তুতের কাজে প্রত্যাশিত সময় দেওয়া সম্ভব হয়নি। এ কারণে ২০ জুলাই ফল প্রকাশ করা যাচ্ছে না।

তিনি জানান, ফল প্রস্তুতের কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে। কাজ সম্পন্ন হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ফল প্রকাশের তারিখ নির্ধারণ করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এর আগে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য রয়েছে। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ে ফল প্রকাশ হচ্ছে না।

শিক্ষার্থী ও অভিভাবকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে সংশ্লিষ্টরা বলেছেন, ফলাফল প্রকাশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হলে তা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম ও শিক্ষা বোর্ডগুলোর মাধ্যমে প্রকাশ করা হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন