এনসিপির ৬ এমপি একদিন ১৬০ হবে: হাসনাত আবদুল্লাহ
বাগেরহাটের জনসভায় দল শক্তিশালী করার প্রত্যয়; জুলাই সনদ বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত

পদ্মাটাইমস ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, বর্তমানে সংসদে এনসিপির ছয়জন সংসদ সদস্য রয়েছেন। আগামী দিনে এই সংখ্যা ১৬০-এ উন্নীত হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার ডাকবাংলো মোড়ে এনসিপি আয়োজিত ‘জুলাই জনসভা ও পদযাত্রা-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে জনগণের প্রত্যাশার নতুন বাংলাদেশ গড়তে এনসিপি কাজ করছে। গণভোটের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে দলটি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
ফকিরহাট উপজেলা এনসিপির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন দলের যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহমুদা আলম মিতু এমপি, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন রনি, যুগ্ম আহ্বায়ক জুনায়েদ আহমেদ রাফি, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ আহসান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, বাগেরহাট জেলা এনসিপির আহ্বায়ক মোর্শেদ আনোয়ার সোহেল এবং সদস্যসচিব লাবিব আহমদসহ কেন্দ্র ও স্থানীয় নেতারা।
সভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ফকিরহাট উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী হিসেবে জেলা সদস্যসচিব লাবিব আহমদের নাম ঘোষণা করা হয়।
বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, জনগণের অংশগ্রহণ বৃদ্ধি এবং দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।




