কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচন বৃহস্পতিবার, মাঠে ৩১ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
জানা যায়, এ নির্বাচনে বিএনপি-সমর্থিত ব্যবসায়ী ঐক্য পরিষদের ১৪ জন, জামায়াত-সমর্থিত কেশরহাট সম্মিলিত ব্যবসায়ী কল্যাণ পরিষদের ১৫ জন এবং সাধারণ সম্পাদক পদে বিএনপি-সমর্থিত আরও ২ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১৫টি পদের বিপরীতে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরো জানা যায়, সমিতির মোট ভোটার সংখ্যা ১ হাজার ৫৫৭ জন। তবে ভোটার তালিকায় থাকা ৪ জনের মৃত্যু ও কয়েকজনের অনুপস্থিতির কারণে প্রায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ জন ব্যবসায়ী ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে ধারণা করা হচ্ছে।
প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা কামরুজ্জামান জানান, ভোটের সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে মোহনপুর থানা পুলিশের পাশাপাশি জেলা পুলিশ থেকে অতিরিক্ত ৪০ জন পুলিশ সদস্য (২০+২০) দায়িত্ব পালন করবেন। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যরাও মোতায়েন থাকবেন।




