রাসিক-ওয়াসার সমন্বয়ে উন্নয়নের অঙ্গীকার
প্রশাসকের সঙ্গে ওয়াসার এমডির সৌজন্য সাক্ষাৎ, নাগরিক সেবা ও টেকসই নগর উন্নয়ন নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে পারস্পরিক সমন্বয় জোরদারের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী ওয়াসার নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ হারুন-অর-রশীদ (যুগ্মসচিব)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় নগর ভবনে প্রশাসকের দপ্তর কক্ষে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে রাজশাহী মহানগরের অবকাঠামোগত উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং দুই প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
সাক্ষাৎকালে রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পরিচ্ছন্ন, সবুজ ও পরিকল্পিত রাজশাহী মহানগরী গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে ওয়াসার সেবার মান আরও উন্নত করতে রাসিকের সার্বিক সহযোগিতা কামনা করেন।
রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, আমাদের মূল লক্ষ্য জনগণের দোরগোড়ায় সর্বোত্তম সেবা পৌঁছে দেওয়া। রাজশাহীর টেকসই উন্নয়ন ও নাগরিক কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি রাজশাহী ওয়াসার উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম বাস্তবায়নে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময়ে নাগরিক সেবাকে আরও কার্যকর ও আধুনিক করা, টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং জনস্বার্থসংশ্লিষ্ট উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নে রাজশাহী সিটি কর্পোরেশন ও রাজশাহী ওয়াসার বিদ্যমান সমন্বয় আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, দুই প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ রাজশাহী মহানগরে আধুনিক নাগরিক সেবা সম্প্রসারণ এবং পরিকল্পিত নগর উন্নয়নের গতি আরও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




