রাজশাহীর সিনিয়ার সাংবাদিক সাইদুর রহমান হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান উচ্চ রক্তচাপ ও কিডনিজনিত জটিলতায় অসুস্থ হয়ে রাজশাহীর মিশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতির খবর ছড়িয়ে পড়লে রাজশাহীর সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়।
শুক্রবার দিনভর তাঁকে দেখতে হাসপাতালে যান রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলার সাংবাদিক, গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং তাঁর শুভানুধ্যায়ীরা। তারা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. নাইমুল ইসলামের তত্ত্বাবধানে সাইদুর রহমানের চিকিৎসা চলছে। তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুনের নেতৃত্বে প্রেসক্লাবের নেতারা হাসপাতালে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় চিকিৎসকদের কাছ থেকে তাঁর সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে অবহিত হন তারা। পাশাপাশি দ্রুত আরোগ্য কামনা করে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
এ ছাড়া রাজশাহীর বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিক, সংবাদকর্মী, পেশাজীবী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও হাসপাতালে গিয়ে তাঁর খোঁজখবর নেন এবং সুস্থতা কামনা করেন।
সাংবাদিক নেতারা বলেন, সাইদুর রহমান দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। রাজশাহীর গণমাধ্যমের বিকাশ, সাংবাদিকদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা এবং প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁর অসুস্থতায় রাজশাহীর সাংবাদিক সমাজ গভীরভাবে উদ্বিগ্ন।
বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক কর্মজীবনে ফিরে সাংবাদিক সমাজের নেতৃত্ব দিতে পারেন।




