ছয় ঘন্টা বন্ধ থাকার পর নওগাঁর অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন দেওয়াকে কেন্দ্র করে শ্রমিকদের দুই পক্ষের দ্বন্দ্বে নওগাঁয় অভ্যন্তরীণ সকল রূটের বাস চলাচল ছয় ঘন্টা বন্ধ থাকার পর চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (৬ জুন) সকাল থেকে পর্যন্ত শ্রমিক ইউনিয়নের এক পক্ষের শ্রমিকরা তাদের দাবি দাওয়া বাসতবায়নের লক্ষ্যে কর্মবিরতির ঘোষনা দেয়। এতে করে জেলার অভ্যন্তরীন রুটের বাস চলাচল বন্ধ থাকে। তবে প্রশাসনের হস্তক্ষেপে দুপুর ১২টার পর থেকে বাস চলাচল শুরু হয়।
শ্রমিকরা জানান- নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নিবন্ধন নম্বর-২৩৮ এর বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের ১৫ মার্চ। কমিটির মেয়াদ শেষ হয়ে দুই মাস পার হলেও বর্তমান কমিটির নেতৃবৃন্দ সাধারণ সভা ও নির্বাচনের ঘোষণা দিচ্ছেন না। সাধারণ শ্রমিকেরা সাধারণ সভা ও নির্বাচনের জন্য বারবার তাগাদা দিলেও ইউনিয়নের বর্তমান নেতৃবৃন্দ সাধারণ সভা ও নির্বাচনের তারিখ ঘোষণা করেননি। এ পপরিস্থিতিতে গত ২৯ মে শ্রমিক ইউনিয়নের একটি অংশ সাধারণ সভার ডাক দেয়। ওই সভা থেকে শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও নির্বাচনের তারিখ ঘোষণার জন্য বর্তমান কমিটিকে সাত দিনের আল্টিমেটাম দেন।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আজাহারুল ইসলাম বলেন, ‘২০২০ সালের জানুয়ারি মাসে ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত কমিটি দ্বায়িত্ব পায় ওই বছরের মার্চ মাসে। কিন্তু কমিটি দ্বায়িত্ব নেওয়ার পর থেকে বর্তমান কমিটি করোনার কারণে ঠিকমতো কাজ করতে পারেনি। এমন পরিস্থিতিতে গত জানুয়ারি মাসে সাধারণ সভা আহ্বান করা হয়েছিলো। ওই সভায় ইউনিয়নের সদস্যদের মতামতের ভিত্তিতে বর্তমান কমিটির মেয়াদ বর্ধিত করা হয়েছে।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়তে হয়েছে অভ্যন্তরীন রুটের যাত্রীদের। বিশেষ করে চাকুরীজিবি ব্যবসায়ী এবং শিক্ষার্থীরা বেশী দুর্ভোগে পড়েছেন । তবে বাস চলাচল শুরু হওয়ায় তাদের দুর্ভোগ কিছুটা লাঘব হয়েছে বলে জানান তারা।




