উল্লাপাড়ায় ফুলজোড় নদী হতে বৃদ্ধার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের শ্রীকোলা চৌকিদহ ব্রীজের নিচ থেকে ভাসমান লাশ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। বুধবার বিকেলে এলাকাবাসী ফুলজোড় নদীতে ভাসমান লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে লাশ উদ্ধারের পর পুলিশ শনাক্ত করে থানায় নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শিরা জানান, উপজেলার শ্রীকোলা পশ্চিম পাড়া গ্রামের মৃত দাউদের স্ত্রী রাবেয়া খাতুন (৭৬) গত পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলো। পারিবারের লোকজন তার সন্ধান না পেয়ে গত ৩০ জুলাই উল্লাপাড়া থানায় একটি সাধারণ (মিসিং) ডায়েরী করে। লাশ উদ্ধারের সময় নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন না পাওয়া গেলেও তাকে এ সময় অর্ধনগ্ন অবস্থায় পাওয়া গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
উল্লাপাড়া মডেল থানার কর্তব্যরত অফিসার উপ পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ বলেন, লাশ উদ্ধার করে ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রির্পোট অনুযায়ী আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।




