প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে মৌলভীবাজারের ৬৪৩ পরিবার

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩; সময়: ১০:৪৯ am | 
খবর > আঞ্চলিক

পদ্মাটাইমস ডেস্ক : প্রধানমন্ত্রী উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাচ্ছে মৌলভীবাজারের ৬৪৩ পরিবার।

বুধবার (৯ আগস্ট) সকাল ১০টায় মৌলভীবাজারে চতুর্থ পর্যায়ের (দ্বিতীয় ধাপে) মোট ৬৪৩টি ভূমি ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জেলা প্রশাসক।

সোমবার (৭ আগস্ট) বিকেলে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। এতে জেলাব্যাপী দ্বিতীয় ধাপের জমি ও গৃহ হস্তান্তরের বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন।

তিনি জানান, এই কার্যক্রমের আওতায় দেশব্যাপী ২২ হাজার ১০১টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হবে।

জেলা প্রশাসক বলেন, এসব গৃহের মধ্যে সদর উপজেলায় ১৬৫টি, কুলাউড়া উপজেলায় ৪৮টি, জুড়ী উপজেলায় ৭৫টি, বড়লেখা উপজেলায় ৮০টি কমলগঞ্জ উপজেলায় ১১৩টি ও শ্রীমঙ্গল উপজেলায় ১৬২টি ঘর দেওয়া হবে। এর আগে চতুর্থ পর্যায়ে জেলার ৭টি উপজেলায় ১ হাজার ৫৪৬টি ঘর দেওয়া হয়।

এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উদ্দিন, সিনিয়র সহকারী কমিশনার সুকান্ত সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন