বাগমারা উপজেলা আ.লীগের সাবেক সভাপতির ইন্তেকাল, এমপির শোক

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরী ইন্তেকাল করেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহী নগরের শাহমুখদুম মোড় এলাকায় নিজ বাসা থেকে বের হয়ে অসুস্থ্য পড়েন। সাথে সাথে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে সন্তানাদীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরীর বাড়ি বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের সাঁকোয়া গ্রামে। তিনি বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।
আজ মঙ্গলবার বাগ মাগরিব গ্রামের বাড়ি সাঁকোয়ায় নামাজে জানাজা শেষে পরিবারিক কররস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকিরুল ইসলাম সান্টু জানিয়েছেন।




