শিবগঞ্জে ৬০ শিক্ষাপ্রতিষ্ঠান পেল ক্রীড়া সামগ্রী

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৩; সময়: ২:১১ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : শিবগঞ্জে ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল, ক্রিকেট ও ক্যারাম বোর্ডসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে মনাকষাস্থ সংসদ সদস্যের বাসভবনে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি।

এসময় তিনি বলেন, খেলাধূলা মাদক থেকে দূরে রাখে, অপসংস্কৃতি থেকে দূরে রাখে। সমৃদ্ধশালী দেশ গঠনের জন্য যুবকদের ভুমিকা রাখতে হবে। তিনি বলেন, বিশ্বে বাংলাদেশের পরিচিতি বাড়াতে খেলাধুলার বিকল্প নেই।

একাডেমিক শিক্ষার পাশাপাশি পরিপূর্ণ জাতি গঠনে ক্রীড়া, সংস্কৃতি ও সাহিত্যে জ্ঞান অর্জন করতে হবে। তবে আমরা জাতি হিসেবে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারবো। খেলার মাধ্যমে যেভাবে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরা যায়। এটা অন্য কোন মাধ্যমে সম্ভব নয়।

তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে এই দেশকে গড়ে তুলবে। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। শিক্ষকদের দায়িত্ব শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী করে গড়ে তোলা।

খারাপ সঙ্গ ত্যাগ করে শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে দায়িত্বশীল মানুষ হয়ে উঠতে পারে, সে বিষয়ে শিক্ষকদের খেয়াল রাখতে হবে। লেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়েদের খেলাধুলায়ও পারদর্শী করে তুলতে হবে।

এটা করা শিক্ষকদের দায়িত্ব। সমাজ থেকে মাদক দূরীকরণে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

ডা. শিমুল এমপি বলেন, শেখ হাসিনার সরকার হচ্ছে ক্রীড়াবান্ধব। যখনই আমাদের দেশের খেলোয়াড়রা সাফল্য বয়ে আনেন তখনই আমাদের নেত্রী শেখ হাসিনা তাদের কাছে ছুটে যান। মায়ের মমতায় খেলোয়াড়দের উৎসাহিত করেন।

মমতা ও স্নেহ নিয়ে দেশের অন্যান্য অঙ্গনের মতোই ক্রীড়াঙ্গন এগিয়ে যাচ্ছে। আজ গ্রাম বাংলায় ফুটবলসহ নানামুখী খেলাধূলার কার্যক্রম গতিশীল হয়ে ওঠে। এর কারণ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই সম্ভব হয়েছে।

তাই আসন্ন দ্বাদশ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াবের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিন্নুর আলী, আওয়ামী লীগ নেতা কফিল উদ্দিন ও উপজেলা বঙ্গবন্ধু পরিষদের নেতা মিনহাজুল ইসলামসহ স্থানীয় সরকারি কর্মকর্তা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন