শিবগঞ্জে সরকারি জমিতে অবৈধ মার্কেট নির্মাণের অভিযোগ

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৪; সময়: ১:৫৬ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সরকারি জমিতে অবৈধভাবে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী মার্কেট মালিকের বিরুদ্ধে। এ নিয়ে প্রতিকার চেয়ে সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন আবদুর রশিদ টিপু নামে এক ব্যক্তি।

শনিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন জানিয়েছেন, সরকারি জমি কেউ দখল করতে পারবে না। অভিযোগে বলা হয়, উপজেলার মনাকষা বাজারে চৌকা মৌজায় দশ দশমিক ৬২ একর জমি ক্রয় করে ৩০ বছর ধরে ভোগ দখল করে আসছেন আবদুর রশিদ টিপু।

কিন্তু প্রায় পাঁচ বছর পূর্বে টিপু পূর্ব দক্ষিণ পার্শ্বের জমি ক্রয় করে মনাকষা সরকারি পশুর হাটের জমির উপর দেওয়াল নির্মাণ করে রাখে মার্কেট মালিক। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে আপোষ মিমাংসার পর জোরপূর্বক মনাকষা সরকারি পশুর হাটের জমি দখলের উদ্দেশ্যে দেওয়াল নির্মাণ করে রাখে।

পরে গত ১৩ ডিসেম্বর পাঁচজন রাজমিস্ত্রি দিয়ে জোরপূর্বক টিপু ও মনাকষা সরকারি পশুর হাটের জমির উপর দোকানঘর নির্মাণ করে আসছে। এসময় টিপু বাঁধা প্রদান করলে তাকে নানান হুমকি ধামকি প্রদান করে। তবুও ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে আপোষ মিমাংসার চেষ্টা করলেও মার্কেট মালিক আপোষ করবে না বলে সাফ জানিয়ে দেয়।

এ ঘটনায় দ্রুত নির্মাণ কাজ বন্ধ করে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন আবদুর রশিদ টিপু। যদিও মার্কেট মালিক মাইনুল ইসলাম বলেন, টিপুর বারান্দায় আমার জমি আছে। বারান্দার যাবতীয় আসবাবপত্র তাকে সরিয়ে নিতে বলা হয়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন জানান, সরকারি জমি কেউ দখল করতে পারবে না। তবে নিজ নিজ জমি ব্যবহার করতে পারবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন