আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত ঠিক করাই এখন প্রধান চ্যালেঞ্জ: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৪; সময়: ৬:২৯ pm | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক : দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত ঠিক করাই এখন প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার সচিবালয় নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর আগে তিনি জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, আমাদের প্রধান চ্যালেঞ্জ হলো আইনশৃঙ্খলা, যত দ্রুত সম্ভব আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা যায়।

গোয়েন লুইসের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, এ পরিস্থিতিতে উনারা আমাদের কি ধরনের সাহায্য-সহযোগিতা করতে পারেন। সে বিষয়ে মূলত আমাদের আলাপ হয়েছে। আমরা কোন কোন খাতে সহযোগিতা চাচ্ছি সেটাও আলোচনা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘ থেকে যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আসার কথা, সেটা তারা পাঠাবে। তারা আমাদেরকে কোন ধরনের সহযোগিতা করবে, আমরা কোন ধরনের সহযোগিতা চাই- এসব নিয়ে আলোচনা হয়েছে।

রোহিঙ্গা সমস্যা নিয়েও জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।

বলেন, রোহিঙ্গাদের ক্ষেত্রে তারা সহযোগিতা করছে। আমরা আরও সহযোগিতা চেয়েছি। এক দশমিক দুই মিলিয়ন রোহিঙ্গা, প্রতিদিনই তাদের বাচ্চা বাড়ছে, খরচ বাড়ছে। আমাদের পক্ষে কতদিন এ খরচ বহন করা সম্ভব!

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন