আখেরি মোনাজাতে শেষ হলো জোড় ইজতেমা, ৪ জনের মৃত্যু

পদ্মাটাইমস ডেস্ক : গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত শুরায়ী নেজাম অনুসারীদের পাঁচদিনের জোড় ইজতেমা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বিশ্ব ইজতেমার শীর্ষ মুরুব্বি মাওলানা ইব্রাহিম দেওলা মোনাজাত পরিচালনা করেন। তার মোনাজাতের মাধ্যমেই শেষ হয় পাঁচদিনের জোড় ইজতেমা।
মোনাজাতে মুসলমানদের ঐক্য, দুনিয়া ও আখেরাতের শান্তি, দেশের কল্যাণ, আত্মশুদ্ধি ও গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বিপদ থেকে হেফাজতের জন্য দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন মুসল্লিরা। এ সময় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ।
বিশ্ব ইজতেমার শুরায়ী নেজাম অনুসারীর মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান, গত শুক্রবার (২৯ নভেম্বর) বাদ ফজর আম বয়ানের মাধ্যমে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে শুরু হয় পাঁচদিনের জোড় ইজতেমা। প্রতিবছর বিশ্ব ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে এ জোড় হয়ে থাকে।
শুরায়ী নেজামের এ জোড় ইজতেমায় অংশ নিয়েছেন দেশ-বিদেশের কয়েক লাখ মুসল্লি। এর মধ্যে জোড় ইজতেমায় অংশ নিতে আসা চার মুসল্লির মৃত্যু হয়েছে।
মৃত মুসল্লিরা হলেন: রংপুর জেলার কোতয়ালি থানার বৌরাগীপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে হায়দার আলী (৩৫), দিনাজপুর সদর থানার মস্তপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে কাউসার আলী (২৮), সিরাজগঞ্জ সদর থানার শহিদুল ইসলাম (৬৫) ও ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার দুলালী গ্রামের আব্দুল হামিদ মাতাব্বেরের ছেলে আব্দুল হাকিম আকন্দ (৭২)।
উল্লেখ্য, এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে দুই পর্বে। প্রথম পর্বে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি শুরায়ী নেজামের অনুসারীরা ইজতেমা করবেন। চার দিন বিরতি দিয়ে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ইজতেমা করবেন সাদ কান্ধলভীর অনুসারীরা।




