রাজনৈতিক আলোচনা সভা উপলক্ষে বিদ্যালয় ছুটি দিলেন প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, বদলগাছী : নিয়মনীতির তোয়াক্কা না করে রাজনৈতিক দল বিএনপির একাংশের আলোচনা সভা উপলক্ষে নওগাঁর বদলগাছী লাবণ্য প্রভা পাইলট কমিউনিটি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নির্ধারিত সময়ের আগে স্কুল ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে।
আর প্রধান শিক্ষক বলছেন সকাল নয়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্কুল চলেছে। এ নিয়ে উপজেলা জুড়ে চলছে আলোচনা ও সমলোচনা ঝড়।
সোমবার (২০ জানুয়ারী) দুপুর ২.৩০ মিনিটে ঐ স্কুলে গেলে বিদ্যালয় বন্ধ পাওয়া যায়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও খোঁজ নিয়ে জানা যায়, নীতিমালা অনুযায়ী সব মাধ্যমিক স্কুল সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যালয় চলার কথা থাকলেও পারভেজ আরেফিন সিদ্দিকী জনি গ্রুপের ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আলোচনা সভা হবে ঐ বিদ্যালয়ে, তাই দুপুর থেকে স্কুল ছুটি দেওয়া হয়েছে।
সভা উপলক্ষে বিদ্যালয়টি নির্ধারিত সময়ের আগে ছুটি হওয়ায় স্থানীয়বাসিন্দা ও অভিভবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী বলছেন স্কুলে কি যেন আলোচনা মিটিং আছে এই জন্য আমাদের তাড়াতাড়ি ছুটি দিয়েছে।
স্থানীয় সচেতন মহল ও কিছু অভিভাবকরা বলছেন, এরকম কর্মকান্ড শিক্ষকদের কাছে কখনোই কাম্য নয়। স্কুল বন্ধ হওয়ার পর যেকোন আলোচনা সভা বা অনুষ্ঠান হতেই পারে।
তবে রাজনৈতিক আলোচনা সভা উপলক্ষে স্কুল নির্ধারিত সময়ের আগেই ছুটি দিবে এটা কোনভাবেই কাম্য হতে পারে না।
লাবণ্য প্রভা পাইলট কমিউনিটি গার্লস হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক নাজমুল হোসেন বলেন, শিক্ষার্থীদের সকল বই না থাকায় এবং শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় প্রধান শিক্ষকের নির্দেশে বিদ্যালয় বিকেল ৩ টার দিকে ছুটি দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, নির্ধারিত সময়ের এক মিনিট আগেও স্কুল বন্ধ করা হয়নি। এখনও স্কুলেই আছি।
বদলগাছী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম বলেন, সকাল ৯টা থেকে বিকাল ৪টার মধ্যে কখনও স্কুল ছুটি দেওয়ার নিয়ম নেই। যদি তারা নিয়ম ভঙ্গ করে তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হাসান বলেন, স্কুল বন্ধের পর বিকাল ৪টার দিকে পারভেজ আরেফিন জনি গ্রুপের আলোচনা সভা হওয়ার কথা ছিলো। পরে হয়েছে কি না তা আমি জানি না। আর আমি এই সভা আহ্বান করিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।




