ইউএনও’র সামনেই বিএনপি ও জামায়াত হাতাহাতি

প্রকাশিত: মার্চ ৪, ২০২৫; সময়: ৭:৫৬ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনার সুজানগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সামনেই উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীরসহ কয়েকজন নেতা ও বিএনপি’ নেতাদের হাতাহাতির ঘটনা ঘটেছে। জামায়াত নেতাদের অভিযোগ তাদের বেধড়ক মারধর করেছে বিএনপি নেতারা । সোমবার (৩ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামানের কার্যালয়ে এ ঘটনা ঘটে। সামাজিগ যোগাযোগ মাধ্যমে এই ধরনের একটি ভিডিও ছড়িয়ে পরলে বিষয়টি জানাজানি হয়।

মারধরের শিকার ৪ জামায়াত নেতা হলেন- উপজেলা জামায়াতের নায়েবে আমির ফারুক-ই আজম, সেক্রেটারি টুটুল বিশ্বাস, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি ওয়ালিউল্লাহ বিশ্বাস, সাবেক কাউন্সিলর মোস্তাক আহমেদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে জামায়াতের ৪ নেতা ইউএনও অফিসে যান অন্য কোনো একটি কাজে; ইউএনও ব্যস্ত থাকায় জামায়াত নেতারা অফিসে বসে অপেক্ষা করতে থাকেন। এ সময় উপজেলা বিএনপির সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মজিবর রহমানের নেতৃত্বে কয়েকজন বিএনপি নেতাকর্মী বালু উত্তোলন বন্ধ করেছেন কেন জানতে ইউএনও’র কাছে যান। সেখানে আগে থেকেই বসে থাকা জামায়াত নেতাদের দেখে তারা ক্ষিপ্ত হয়ে বলেন- এরা কেন এখানে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকে। এ কথা বলেই বিএনপি নেতারা ইউএনওর কক্ষ থেকে বের হয়েই আরও কয়েকজনকে ডেকে আনেন।

এরপরই বিএনপি নেতা মজিবুর রহমান, বাবু খা, মানিক খা, আব্দুল বাছেদ, আরিফ শেখসহ ৩০-৪০ জন বিএনপি নেতা কর্মি ইউএনওর কক্ষে ঢুকে ওই জামায়াত নেতাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পরে। এক পর্যায়ে কিল-ঘুসি, লাথিসহ হাতাহাতি শুরু হয় । খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বিষয়টি নিয়ে ইউএনওর সঙ্গে বিএনপি ও জামায়াত নেতাদের বিকাল সাড়ে ৫টা পর্যন্ত দেন-দরবার চলে। পরে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হলে পরিস্থিতি শান্ত হয়।

সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম বিশ্বাস, সদস্য সচিব শেখ আব্দুর রউফ ও যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান বলেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত এসকল সন্ত্রাসী আমাদের দলের হতে পারে না। আমরা বলেছি- যারা অপরাধী তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে। এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে আলোচনা করা হবে।

সুজানগর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক কেএম হেসাব উদ্দিন বলেন, সুজানগরে বালু উত্তোলন বন্ধ করায় বিএনপির এসব ক্যাডাররা ইউএনওকে মারধর ও তুলে আনার জন্য গেছিল। এসময় জামায়াত নেতারা বাঁধা দিলে আমাদের ৪ জনকে তারা বেধড়ক মারধর করেছে। ইউএনওকেও কয়েকদফা মারধর করতে গেলে ঠেকিয়ে দেওয়া হয়। পরে মারতে না পেরে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে ও দেখে নেওয়ার হুমকি দিয়েছে। আমাদের নেতাকর্মীদের সরকারি অফিসেও নিরাপত্তা নাই।

তিনি অভিযোগ করে বলেন, ৫ আগষ্টের পর এসব নেতারা সন্ত্রাসী ও চাঁদাবাজির গডফাদার হয়েছে। চাঁদাবাজি, অবৈধ বালু উত্তোলন, মাদক কারবারি, চুরি- ডাকাতি, অপহরণ -ছিনতাই থেকে শুরু করে সকল অপকর্ম করে বেড়ালেও এদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে আমরা সাংগঠনিকভাবে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব।

এ বিষয়ে বক্তব্য জানতে প্রধান অভিযুক্ত মজিবুর রহমান খান ও মানিক খানের সঙ্গে যোগাযোগ করেও ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, এ ঘটনায় এখনো কেউ মামলা করেত আসেননি। তারা এলেই যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার সত্যতা স্বীকার করে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মীর রাশেদুজ্জামান বলেন, বিষয়টি দুঃখজনক। যেহেতু আমার কক্ষে এ ঘটনা ঘটেছে ও সরকারি কাজে বাঁধা দানের ঘটনা ঘটেছে, কাজেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন