১৫ বছর পুলিশকে দলীয় বাহিনী বানানো হয়েছিল: প্রধান উপদেষ্টা

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫; সময়: ১:৫১ pm | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক : রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে মঙ্গলবার (২৯ এপ্রিল) পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেন, গত ১৫ বছরে পুলিশ বাহিনীকে একটি দলীয় বাহিনীতে রূপান্তর করা হয়েছিল। তিনি অভিযোগ করেন, অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশকে জনরোষের মুখে পড়তে হয়েছে, যার ফলে অনেক সৎ কর্মকর্তাকেও মূল্য দিতে হয়েছে।

ড. ইউনূস বলেন, “স্বৈরাচার আমলে পুলিশ-জনগণের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল তা এখন বড় চ্যালেঞ্জ। সেই আস্থা ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।” তিনি আরও যোগ করেন, “বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে চাইলে, পুলিশের ভূমিকা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচন অত্যন্ত জরুরি। পরাজিত শক্তি যেন দেশের স্থিতিশীলতা নষ্ট না করতে পারে, সে জন্য পুলিশকে সজাগ থাকতে হবে।”

তিনি জানান, নির্বাচন ডিসেম্বর ২০২৫ অথবা জুন ২০২৬-এর মধ্যে অনুষ্ঠিত হবে এবং সেখানে পুলিশের ভূমিকা হবে নিরপেক্ষ ও ন্যায়সঙ্গত পরিবেশ নিশ্চিত করা।

নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে আরও সংবেদনশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “ন্যায়বিচার ও বৈষম্যমুক্ত সমাজ গড়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।”

তিনি বলেন, “আমরা একটি দ্বিতীয় বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখছি। জুলাই অভ্যুত্থান আমাদের সেই সুযোগ এনে দিয়েছে। এবার যদি ব্যর্থ হই, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা দায়ী থাকবো।”

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং আইজিপিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন