সচিবালয়ে সরকারি কর্মচারীদের দশম দিনের বিক্ষোভ

পদ্মাটাইমস ডেস্ক: সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে টানা দশম দিনের মতো রাজধানীর সচিবালয়ে বিক্ষোভ করছেন সরকারি কর্মচারীরা। সোমবার (২ জুন) বেলা ১১টার দিকে সচিবালয়ের চার নম্বর ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে তারা সচিবালয়ের বিভিন্ন চত্বর ঘুরে মিছিল করেন।
বিক্ষোভে অংশ নেওয়া কর্মচারীরা মুখরিত স্লোগানে তাদের প্রতিবাদ জানান। স্লোগানগুলো ছিল-
‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’,
‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’,
‘জেগেছে রে জেগেছে, সচিবালয় জেগেছে’,
‘মানি না মানবো না, ফ্যাসিবাদী কালো আইন’,
‘ফ্যাসিবাদের দালালেরা, হুঁশিয়ার সাবধান’,
এবং ‘১৮ লাখ কর্মচারী, এক হও লড়াই করো’।
কর্মচারীরা অভিযোগ করছেন, সংশোধিত অধ্যাদেশটি সরকারি চাকরির নীতিমালায় বৈষম্য সৃষ্টি করবে এবং কর্মীদের অধিকার হরণ করবে।
এদিন বিক্ষোভকারীরা জানান, তারা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে অধ্যাদেশ বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান করবেন।
তারা আরও বলেন, ‘১৭৬৬ দিন পার হয়েছে, রায় দ্রুত কার্যকর হোক’—এই দাবিও বিক্ষোভের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরা হচ্ছে।
সচিবালয়জুড়ে এখন উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করছে। কর্মচারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।




