ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ৮, নিখোঁজ ৩৫

উদ্ধারকারীরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

প্রকাশিত: জুন ১৫, ২০২৫; সময়: ১১:৩২ am | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক: ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০০ জন। নিখোঁজ রয়েছেন অন্তত ৩৫ জন।

শনিবার রাতে ইসরায়েলের স্থানীয় সময় ১১টার কিছু পর থেকে এই হামলা শুরু হয়। তীব্র শব্দে সাইরেন বেজে ওঠে জেরুজালেম ও হাইফাসহ বিভিন্ন শহরে। আতঙ্কে মানুষ ছুটে যায় বোম্ব শেল্টারে।

রাত আড়াইটার দিকে দ্বিতীয় দফায় হামলার আশঙ্কায় আবারও সতর্কতা জারি করে ইসরায়েলি সেনাবাহিনী। প্রতিরক্ষায় আকাশে ছোড়া হয় ইন্টারসেপ্টর রকেট। এরই মধ্যে বিস্ফোরণে কেঁপে ওঠে তেল আবিব ও জেরুজালেম।

ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানলেও সবচেয়ে ভয়াবহ আঘাত হানে হাইফার নিকটবর্তী তামরা শহরে। সেখানে এক পরিবারের চার নারী সদস্য নিহত হন।

এছাড়া তেল আবিবের দক্ষিণের বাত ইয়াম শহরে আরেকটি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন চারজন। তাদের মধ্যে একজন আট বছরের শিশু।

ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ‘মেগান ডেভিড আদম’-এর বরাতে দেশটির চ্যানেল ১২ জানিয়েছে, দেশজুড়ে প্রায় ২০০ জন আহত হয়েছেন।

বাত ইয়ামে আটতলা একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত হানে। ভবনটি আংশিক ধসে পড়ে। উদ্ধারকাজে নিয়োজিত কর্মকর্তারা জানিয়েছেন, এখনও পর্যন্ত ৩৫ জন নিখোঁজ রয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ভবনটি পুরোপুরি ধসে পড়ার আশঙ্কা রয়েছে। উদ্ধারকারীরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

রাতে চালানো এই হামলায় ইসরায়েলের ঠিক কতগুলো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন