ইরান থেকে ১০০ বাংলাদেশিকে ফেরানোর উদ্যোগ

প্রকাশিত: জুন ১৯, ২০২৫; সময়: ৮:০৮ pm | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক : ইরানে আটকে পড়া প্রায় ১০০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। ইতোমধ্যে তাদের একটি তালিকা তৈরি করা হয়েছে এবং প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিকল্প সচিব নজরুল ইসলাম।

বৃহস্পতিবার (১৯ জুন) মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নজরুল ইসলাম জানান, “তাদের একটি নিরাপদ দেশে স্থানান্তরের পর বিমানযোগে দেশে ফেরত আনা হবে।” তিনি বলেন, “ইরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং দূতাবাসের সব কর্মকর্তা ও তাদের পরিবার নিরাপদে রয়েছেন। তেহরানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও নিরাপদ আশ্রয়ে আছেন।”

পররাষ্ট্র সচিব জানান, “তেহরানে বর্তমানে প্রায় ৪০০ বাংলাদেশির মধ্যে ১০০ জন ইতোমধ্যে হটলাইনের মাধ্যমে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। অন্যদের ক্ষেত্রেও যোগাযোগের চেষ্টা চলছে।”

তিনি আরও জানান, ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে তৃতীয় কোনো দেশের মাধ্যমে বিমান চলাচল সম্ভব হলে—তুরস্ক বা পাকিস্তানের মতো বিকল্প রুট বিবেচনায় নেওয়া হচ্ছে।

অর্থ সংকট প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, “ইরানে টাকা পাঠানো জটিল হলেও দূতাবাসের ফান্ড ও একজন অফিসারের মাধ্যমে টাকা সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি বন্ধুপ্রতিম দেশগুলো থেকেও সহায়তা নেওয়া হচ্ছে।”

প্রসঙ্গত, চলমান মধ্যপ্রাচ্য সংকটে ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। গত ১৩ জুন ইসরায়েলি বিমান হামলায় ইরানের বিভিন্ন স্থানে হতাহতের ঘটনা ঘটেছে। পাল্টা হামলায় ইসরায়েলেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে ইরানে থাকা বাংলাদেশিদের সুরক্ষায় জরুরি পদক্ষেপ নিচ্ছে সরকার।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন