সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার

প্রকাশিত: জুন ২৩, ২০২৫; সময়: ১:২৮ am | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক: সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদার পর এবার গ্রেপ্তার হলেন আরেক সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল। রোববার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সদর দপ্তরের একটি নির্ভরযোগ্য সূত্র তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, বসুন্ধরার একটি বাড়ি থেকে গোপন অভিযানে তাকে আটক করা হয়।

তবে ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, “বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ডিবির কোনো টিম কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেনি।”

২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করা হাবিবুল আউয়ালের কমিশন বিতর্কিত হয় ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময়। আওয়ামী লীগের প্রার্থী ও একই দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে নির্বাচনী লড়াইকে কেন্দ্র করে ‘আমি-ডামি ভোট’ উপাধি পায় তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

ওই নির্বাচনে ভোটগ্রহণের দিন বেলা ৩টা পর্যন্ত ভোটের হার ২৭.১৫ শতাংশ বলা হলেও, এক ঘণ্টার ব্যবধানে তা সংশোধন করে ৪০ শতাংশ ঘোষণা করা হয়। প্রথমে ২৮ শতাংশ ভোট পড়ার কথা বললেও, পরে নিজেই তা সংশোধন করেন সিইসি।

এই অনিয়মের অভিযোগ এনে বিএনপি হাবিবুল আউয়ালের বিরুদ্ধে মামলা করে। একই মামলায় সাবেক সিইসি এ কে এম নুরুল হুদা ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও অন্তর্ভুক্ত করা হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর হাবিবুল আউয়াল আত্মগোপনে চলে যান। আজ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লেখ্য, রোববার সন্ধ্যায় উত্তরায় স্থানীয় জনতার সহায়তায় সাবেক সিইসি নুরুল হুদাকেও গ্রেপ্তার করে পুলিশ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন