তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশিত: জুলাই ৩, ২০২৫; সময়: ৯:০৮ pm | 
খবর > আঞ্চলিক

পদ্মাটাইমস ডেস্ক : বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযান চালিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শামীম রহমান (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে চারটি ব্যাংকের এটিএম কার্ড, ১০টি স্বাক্ষরিত ফাঁকা চেক, দুইটি মোবাইল ফোন ও বেশ কিছু সিম কার্ড উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত শামীম বগুড়ার নিশিন্দারা কারবালা এলাকার প্রয়াত লাল মিয়ার ছেলে। মাধ্যমিক পাস হলেও দীর্ঘদিন ধরে নিজেকে ব্যারিস্টার পরিচয় দিয়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন বলে পুলিশ জানিয়েছে।

বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মুহাম্মদ রায়হান জানান, শামীম বিভিন্ন সময়ে দলের পদ-পদবি দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ হাতিয়ে নিতেন। ২২ জুন বগুড়ায় দুই যুবদলের নেতাকে নিয়োগ দেওয়ার নাম করে মোট তিন লাখ টাকা দাবির অভিযোগে গ্রেপ্তার হন তিনি। পরে তদন্তে জানা যায়, তারেক রহমানের সঙ্গে তার কোনো আত্মীয়তার সম্পর্ক নেই।

শামীম নিজের কৌশল অব্যাহত রেখে নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের মিথ্যা ফোন ও মেসেজের মাধ্যমে অর্থ আদায় করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই প্রতারণার কথা স্বীকার করেছে। বগুড়া সদর থানায় মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন