সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন বাতিল, প্রটোকল সংস্কারে কমিটি

নিজস্ব প্রতিবেদক : সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের বিতর্কিত প্রথা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সাংবাদিকদের জানান, দীর্ঘদিনের অস্বাভাবিক এ সম্বোধন প্রথা বাতিলের পাশাপাশি মন্ত্রিসভার সময়ে চালু হওয়া অতিরঞ্জিত প্রটোকল সংস্কারের বিষয়েও আলোচনা হয়।
এ লক্ষ্যে দুই সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন জ্বালানি, সড়ক ও রেলপথ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান এবং পরিবেশ ও জলস ম্পদবিষয়ক উপদেষ্টা সাঈদা রিজওয়ানা হাসান। তাদের আগামী এক মাসের মধ্যে উপদেষ্টা পরিষদের কাছে সম্মানসূচক সম্বোধন ও প্রটোকল নির্দেশিকায় প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব জমা দিতে বলা হয়েছে।
জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের একটি বিতর্কিত নির্দেশনা জারি হয়েছিল। সেই সময় নারী কর্মকর্তাদেরও একইভাবে ‘স্যার’ বলা হতো, যা সামাজিকভাবে অস্বাভাবিক ও অপ্রচলিত হিসেবে সমালোচিত হয়ে আসছিল।




