ডেঙ্গুতে আরও একজনের মৃ’ত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৯১ জন

পদ্মাটাইমস ডেস্ক : গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৯১ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সর্বাধিক ১২৮ জন বরিশালের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা মহানগরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৫৭ জন, চট্টগ্রামে ৪১ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৩৯ জন, খুলনায় ৩০ জন, ময়মনসিংহে ১১ জন এবং রংপুরে ২ জন।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫ জন। তাদের মধ্যে ২৯ জন পুরুষ এবং ২৬ জন নারী। এ সময়ে সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৪ হাজার ৪৬০ জন ডেঙ্গু রোগী।




