পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে তথ্য নেই, সংবিধান অনুযায়ী চলবে পরবর্তী প্রক্রিয়া

পদ্মাটাইমস ডেস্ক : রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা-কল্পনার মধ্যেই থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তার কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। তবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যেই জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার বলেন, দেশের বাইরে থাকায় রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কী ঘটেছে, সে বিষয়ে তিনি অবগত নন।
তিনি বলেন, “আমি দেশের বাইরে ছিলাম। এখানে কে পদত্যাগ করল, কী করল, আমার কিছুই জানা নেই। এখন হয়তো জানতে পারব।”
রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া সম্পর্কে স্পিকার জানান, রাষ্ট্রপতি তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দেবেন। এরপর সংবিধান অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করবে।
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, সংবাদমাধ্যমে যে তথ্য এসেছে, তিনিও সেটুকুই শুনেছেন। রাষ্ট্রপতি পদত্যাগ করবেন কি না, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
স্পিকার আরও বলেন, সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তবে এটি সাময়িক ব্যবস্থা এবং নির্ধারিত সময়ের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হয়।
নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরার বিষয়ে তিনি জানান, ব্যক্তিগত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষ হওয়ায় ২৬ জুলাইয়ের পরিবর্তে ২৪ জুলাই দেশে ফিরেছেন। এর সঙ্গে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের কোনো সম্পর্ক নেই বলে ইঙ্গিত দেন তিনি।
সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে লিখিত ও স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। এছাড়া ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা দায়িত্ব পালনে অপারগ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন বাধ্যতামূলক।
বাংলাদেশে এর আগে ২০০২ সালে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর তৎকালীন স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ৭৮ দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। বর্তমান পরিস্থিতিতেও রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও বিষয়টি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।




