আধিপত্য বিস্তারকারীদের তালিকা করা হচ্ছে: আইজিপি

প্রকাশিত: জুলাই ১২, ২০২৫; সময়: ৯:৪৩ pm | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, সারা দেশে, বিশেষ করে ঢাকায়, আধিপত্য বিস্তারকারীদের তালিকা প্রণয়নের কাজ চলছে।

শনিবার (১২ জুলাই) দুপুরে পুরান ঢাকার মিল ব্যারাকে অবস্থিত ঢাকা জেলা পুলিশ লাইনস ও ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, “সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দেশের রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব রয়েছে। এ ক্ষেত্রে তাদের সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর এখনো পুলিশ বাহিনীর মনোবল কিছুটা দুর্বল, ফলে তারা শতভাগ সক্ষমতা নিয়ে কাজ করতে পারছে না।

এর আগে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিচার প্রক্রিয়ার ধীরগতির দায় আইনশৃঙ্খলা বাহিনীর নয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী নির্লিপ্ত অবস্থানও নেয়নি।

প্রসঙ্গত, গত ৯ জুলাই সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতাল কম্পাউন্ডে চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে এবং ইট-পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়। হত্যার পর মরদেহের ওপরও বর্বরতা চালানো হয়।

নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বোন ১৯ জনের নাম উল্লেখ করে এবং ১০–১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে বৃহস্পতিবার রাজধানীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন