হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অপু বিশ্বাস

পদ্মাটাইমস ডেস্ক: রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। রোববার (১৩ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের আদালতে তিনি হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিলের আগ পর্যন্ত তাকে জামিন দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় এর আগে আরেক চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল।
অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাশার কামরুল জানান, এ মামলায় তিনি আগেই হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন, যা প্রায় শেষ পর্যায়ে। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী আজ তিনি সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী আন্দোলনে এনামুল হককে হত্যাচেষ্টার অভিযোগে ভাটারা থানায় একটি মামলা হয়। সেখানে আসামি করা হয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, আসনা হাবিব ভাবনা, অভিনেতা জায়েদ খানসহ ১৭ জন তারকাকে। মামলায় অভিযোগ করা হয়েছে, অভিযুক্তরা বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে অর্থ ও সহায়তা দিয়েছেন।
উল্লেখ্য, মামলার এজাহারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের আরও ২৮৩ জন কর্মকর্তাকেও আসামি করা হয়েছে।
এর আগে গত ১৮ মে গ্রেপ্তার হন নুসরাত ফারিয়া। গ্রেপ্তারের পর বিষয়টি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। পরে ২০ মে তিনি জামিনে মুক্তি পান।




