পোরশার ২০ গ্রামে নেই পাকা রাস্তা, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫; সময়: ৬:৫৫ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশা উপজেলার অন্তত ২০টি গ্রামে নেই কোনো পাকা রাস্তা। দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তায় চলাচল করে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় হাজারো মানুষ। বর্ষা মৌসুমে রাস্তাগুলো কাদায় ঢেকে যায়। তখন যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটেও চলা দায় হয়ে পড়ে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

এলাকাবাসীর অভিযোগ, বারবার পাকা রাস্তার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে কাজ হয়নি। ফলে উপজেলার গ্রামীণ সড়কগুলোর দ্রুত সংস্কার ও পাকা করণের দাবি জানিয়েছেন তারা।

উপজেলা এলজিইডি সূত্র জানায়, ২৭২ বর্গকিলোমিটার আয়তনের পোরশায় মোট ৩৯৩ কিলোমিটার সড়কের মধ্যে মাত্র ৮২ কিলোমিটার পাকা করা হয়েছে। এখনো ৩১১ কিলোমিটার সড়ক কাঁচা অবস্থায় রয়েছে। এর মধ্যে তেঁতুলিয়া ইউনিয়নের জালুয়ার মোড়-পুরইল প্রাথমিক বিদ্যালয় (১.৪ কিমি), পূর্বগ্রাম ওস্তাপাড়া-পূর্বগ্রাম মাদ্রাসা মোড় (১.৭ কিমি), পোরশা হাটখলা বাজার-দিঘিপাড়া (২.৫ কিমি), ঠনঠনিয়াপাড়া-নতুনপুকুর (৪ কিমি), হাড়ভাঙা মসজিদ-রবিউল মাস্টারের বাড়ি (৫০০ মিটার), নিতপুর বড়ব্রিজ-কুলাডাঙ্গা-বিষ্ণপুর মোড় (৫ কিমি) সড়কসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় পাকা করণের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি।

প্রায় দেড়শো বছর আগে নির্মিত এসব কাঁচা সড়ক এখনো অবহেলায় পড়ে আছে। শিক্ষার্থী ও রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছেন। বৃষ্টির দিনে হাঁটুসমান কাদায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারে না।

জালুয়া গ্রামের স্বাস্থ্যকর্মী খাইরুল ইসলাম ও পুরইলের শিক্ষক হাসান শাহ বলেন, যেসব রাস্তায় যানবাহন চলে না, সেসব পাকা করা হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ রাস্তাগুলো এখনো কাঁচা। দ্রুত পাকা করা দরকার। স্থানীয়রা দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন