রাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক
ডোপ টেস্টের রিপোর্ট নেগেটিভ না হলে প্রার্থিতা বাতিল হবে।

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য আচরণবিধি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। ডোপ টেস্টে রিপোর্ট পজিটিভ এলে প্রার্থিতা সঙ্গে সঙ্গে বাতিল হবে।
বৃহস্পতিবার বিকেলে রাকসুর ওয়েবসাইটে প্রকাশিত এই আচরণবিধিতে মনোনয়নপত্র সংগ্রহ, প্রার্থিতা প্রত্যাহার, নির্বাচনী প্রচারণা, শোভাযাত্রা, প্রচারের সময়সীমা, শাস্তির বিধান এবং ক্যাম্পাসে প্রবেশের নিয়মাবলি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। প্রার্থী নিজে বা মনোনীত প্রতিনিধি দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন।
মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেওয়ার সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। প্রার্থী সর্বোচ্চ পাঁচজন সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দিতে পারবেন। প্রার্থী সশরীরে উপস্থিত থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করবেন। ডোপ টেস্টের রিপোর্ট নেগেটিভ না হলে প্রার্থিতা বাতিল হবে।
প্রার্থীদের প্রচারণা প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার দিন থেকে ভোটগ্রহণের ২৪ ঘণ্টা আগে পর্যন্ত চলবে। প্রচারণার সময় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। প্রচারণায় কেবল সাদা-কালো পোস্টার ব্যবহার করা যাবে, যার আকার সর্বোচ্চ ৬০×৪৫ সেন্টিমিটার।
বিশ্ববিদ্যালয়ের ভবনের দেয়ালে কোনো পোস্টার লাগানো বা লেখা নিষিদ্ধ। একাডেমিক ভবনের ভেতরে মিছিল বা প্রচারণা করা যাবে না। ক্যাম্পাসে সভা বা সমাবেশের জন্য প্রক্টরের পূর্বানুমতি নিতে হবে। প্রার্থী পরিচিতি সভা ছাড়া অন্য কোনো সভায় মাইক ব্যবহার করা যাবে না। আবাসিক হলের ভেতরে কোনো ধরনের মিছিল বা শোভাযাত্রা করা যাবে না।
মনোনয়নপত্র জমা, প্রত্যাহার বা প্রচারণার সময় কোনো প্রার্থী বা তাঁর পক্ষে যানবাহন, মোটরসাইকেল, রিকশা, ঘোড়ার গাড়ি, হাতি, ব্যান্ডপার্টি বা অন্য কোনো শোভাযাত্রা ব্যবহার করা যাবে না। ভোটের দিন ভোটার পরিবহনের জন্য কোনো যানবাহন ব্যবহার নিষিদ্ধ। তবে প্রার্থী, ভোটার বা শিক্ষার্থীরা চাইলে ব্যক্তিগতভাবে সাইকেল বা রিকশা ব্যবহার করতে পারবেন।
ভোটের দিন শুধুমাত্র ভোটার, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। আচরণবিধি ভঙ্গ করলে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, অথবা আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। ভোটাররা নিজ নিজ হলের বৈধ পরিচয়পত্র দেখিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করবেন। সাংবাদিকরা প্রধান রিটার্নিং কর্মকর্তার ইস্যু করা পরিচয়পত্র দেখিয়ে সংশ্লিষ্ট হলের রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন।
রাকসু নির্বাচনের এই আচরণবিধি ছাত্রদের জন্য স্পষ্ট নিয়ম তৈরি করেছে, যাতে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ থাকে এবং ক্যাম্পাসে অরাজকতা না হয়।




