৭৫০০ কোটি টাকা আত্মসাতে জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫; সময়: ৯:৩৭ pm | 
খবর > আইন-আদালত

পদ্মাটাইমস ডেস্ক : ৭৫০০ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার সঙ্গে জিসিসির প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াকেও মামলায় আসামি করা হয়েছে।

রোববার (৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম।

দুদক সূত্র জানায়, মেয়র হিসেবে দায়িত্বে থাকাকালে জাহাঙ্গীর আলম পরস্পর যোগসাজশে জিসিসির বিভিন্ন প্রকল্পে ভুয়া টেন্ডার ও বিল তৈরি করে নিজেদের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেন। এর মাধ্যমে সরকারি উন্নয়ন ও সিটি করপোরেশনের রাজস্ব তহবিল থেকে ৭ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে, পৃথক আরেক অভিযানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে প্রায় ১১ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ৭৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে।

দুদক জানায়, দুর্নীতির অভিযোগগুলো তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন