পুলিশ কাজ করছে না, কারণ স্ট্রাকচার শেষ: উপদেষ্টা সাখাওয়াত

পদ্মাটাইমস ডেস্ক : নাটোরে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর ও মতবিনিময় সভায় বস্ত্র ও পাট এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, পুলিশ-প্রশাসন ঠিকমতো কাজ করতে পারছে না কারণ তাদের স্ট্রাকচার শেষ হয়ে গেছে।
তিনি বলেন, “নেতা হওয়া মানে শুধুমাত্র ভোটের জন্য নয়, বরং সঠিক পথে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আছে। যদি নেতারা ভুল পথে নেতৃত্ব দেন, তবে দেশের কাঠামো ধ্বংস হয়ে যাবে। এটা মাত্র কয়েক মাস বা এক বছরে ঠিক করা সম্ভব নয়।”
উপদেষ্টা আরও জানান, “আইন ও প্রশাসনের স্ট্রাকচার এখন ভেঙে পড়েছে। আপনারা আপনার ন্যায় দাবি জানাতে পারেন। জেলা প্রশাসক না শোনালে আমার মন্ত্রণালয়ের দরজা সবসময় খোলা।”
এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মণ্ডল, নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসাইনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ২২ জন শ্রমিকের হাতে মোট ১২ লাখ ৩০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।




