ইসরায়েলের সঙ্গে ‘যোগসাজশ’, ইরানে ছয় জনের মৃ’ত্যুদণ্ড কার্যকর

পদ্মাটাইমস ডেস্ক: ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে ছয় জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার (৪ অক্টোবর) দক্ষিণাঞ্চলীয় খুজেস্তানে এই ফাঁসি কার্যকর করা হয় বলে দেশটির বার্তা সংস্থা মেহের-এর বরাতে জানিয়েছে রয়টার্স। তবে দণ্ডপ্রাপ্তদের পরিচয় প্রকাশ করা হয়নি।
মেহেরের প্রতিবেদনে বলা হয়, দণ্ডপ্রাপ্তরা ইসরায়েলের সঙ্গে যোগসাজশ থাকা একটি ‘বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী নেটওয়ার্ক’-এর সদস্য ছিলেন। তারা ইরানের নিরাপত্তা বাহিনীর চার সদস্যকে হত্যা ও খোররামশহরে বোমা হামলাসহ একাধিক সহিংস ঘটনার দায় স্বীকার করেছিলেন।
এর আগে সোমবার ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাহমান চৌবি আসল নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান।
চলতি বছরের জুনে ইরান-ইসরায়েলের মধ্যে ১২ দিনের সংঘর্ষে উভয় দেশের বহু সামরিক কর্মকর্তা ও সাধারণ মানুষ নিহত হন। যুদ্ধের পর ইরান ঘোষণা দেয়, ইসরায়েলের সহযোগিতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এরপর থেকেই দেশটিতে একাধিক ফাঁসি কার্যকর করা হয়েছে।
গত আগস্টে রুজবেহ ভাদি নামে এক ব্যক্তিকে একই অভিযোগে ফাঁসি দেওয়া হয়। তিনি এক ইরানি পরমাণু বিজ্ঞানীর তথ্য ইসরায়েলের হাতে তুলে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় আরও ২০ জনকে গ্রেপ্তার করে ইরান সরকার।
এদিকে জুলাইয়ে ইরান পার্লামেন্টে নতুন আইন পাস করা হয়, যেখানে দখলদার ইসরায়েল বা অন্যান্য ‘শত্রু’ দেশের সঙ্গে যে কোনো সহযোগিতাকে ‘পৃথিবীতে দুর্নীতি’ হিসেবে গণ্য করে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া স্টারলিংকসহ অননুমোদিত ইন্টারনেট সরঞ্জাম ব্যবহারকেও গুরুতর অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে।
নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংস্থা আইএইচআর জানিয়েছে, ২০২৩ সালের প্রথম ২৬ দিনে ইরানে অন্তত ৫৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সংগঠনটির মতে, এসব ফাঁসির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এবং সরকার জনমনে ভয় সৃষ্টির কৌশল হিসেবে মৃত্যুদণ্ড ব্যবহার করছে।




