হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ১৭ নভেম্বর

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫; সময়: ১:১১ pm | 
খবর > আইন-আদালত

পদ্মাটাইমস ডেস্ক: জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার দিন নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৭ নভেম্বর এ মামলার রায় ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২টা ৯ মিনিটে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউশনের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদসহ আরও অনেকে।

মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি আসামি হিসেবে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মামলায় রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বর্তমানে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক, আর চৌধুরী মামুন রয়েছেন কারাগারে।

এর আগে, গত ২৩ অক্টোবর মামলার বিচারকাজ শেষে ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য ১৩ নভেম্বর দিন ধার্য করেছিল। সেদিন আদালত জানিয়েছিল, রায়ের তারিখ অল্প সময়ের মধ্যেই ঘোষণা করা হবে।

এদিকে, রায় ঘোষণাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট সেনাসদরে চিঠি পাঠানোর পর সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন