ঢাকা নবম থেকে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহর

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫; সময়: ১২:১৬ pm | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক:  ঢাকা দিন দিন আরও বড় হচ্ছে। রাজধানীর জনসংখ্যা ও পরিধি দ্রুত বাড়ায় ঢাকাকে এখন বিশ্বের নবম থেকে দ্বিতীয় বৃহৎ শহরে পরিণত করেছে। জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০৫০ সালের মধ্যে ঢাকা বিশ্বের বৃহৎ শহরের তালিকার শীর্ষে অবস্থান করবে।

আগে বিশ্বের বৃহৎ শহর ছিল জাপানের রাজধানী টোকিও। তবে এখন শীর্ষে আছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। ঢাকাকে পেছনে ফেলে এখন জাকার্তা ৪ কোটি ১৯ লাখ মানুষের সঙ্গে প্রথম স্থানে। ঢাকায় বর্তমানে ৩ কোটি ৬৬ লাখ মানুষ বসবাস করছেন। টোকিওতে থাকেন ৩ কোটি ৩৪ লাখ মানুষ।

জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক বিষয়ক বিভাগের ‘ওয়ার্ল্ড আর্বানাইজেশন প্রসপেক্ট ২০২৫’ প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে বর্তমানে ৩৩টি মেগাসিটি রয়েছে, যেখানে ১ কোটির বেশি মানুষ বসবাস করেন। ১৯৭৫ সালে মাত্র ৮টি মেগাসিটি ছিল।

শীর্ষ ১০ মেগাসিটির মধ্যে ৯টির অবস্থান এশিয়ায়। উল্লেখযোগ্য এশীয় মেগাসিটিগুলো হলো:

ভারতের নয়াদিল্লি – ৩ কোটি ২ লাখ

চীনের সাংহাই – ২ কোটি ৯৬ লাখ

চীনের গুয়াংজু – ২ কোটি ৭৬ লাখ

ফিলিপাইনের মানিলা – ২ কোটি ৪৭ লাখ

ভারতের কলকাতা – ২ কোটি ২৫ লাখ

দক্ষিণ কোরিয়ার সিউল – ২ কোটি ২৫ লাখ

এশিয়ার বাইরে শীর্ষ ১০ মেগাসিটির মধ্যে কেবল মিসরের কায়রো রয়েছে, যেখানে ৩ কোটি ২০ লাখ মানুষ বাস করেন। আমেরিকায় সবচেয়ে বড় শহর হলো ব্রাজিলের সাও পাওলো (১ কোটি ৮৯ লাখ), আর সাব-সাহারান আফ্রিকায় সবচেয়ে বড় শহর হলো নাইজেরিয়ার লাগোস।

জাতিসংঘের বিশ্লেষণ অনুযায়ী, ঢাকার জনসংখ্যা এত দ্রুত বেড়েছে কারণ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ রাজধানীতে এসেছে। কেউ কাজ ও সুযোগের খোঁজে এসেছেন, কেউ আবার বন্যা ও সমুদ্রস্তর বৃদ্ধির ঝুঁকি এড়াতে ঢাকায় পাড়ি জমিয়েছেন।

সূত্র- আলজাজিরা

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন