সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫; সময়: ১২:২৭ pm | 
খবর > আইন-আদালত

পদ্মাটাইমস ডেস্ক: পূর্বাচলে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন মামলার গ্রেফতার একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম ও দুদকের আইনজীবীরা।

পৃথক তিন মামলায় শেখ হাসিনা, তার পরিবারের সদস্যসহ মোট ৪৭ জনকে আসামি করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, ধানমন্ডির সুধাসদনে শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়ার নামে থাকা প্লটের তথ্য গোপন করে মিথ্যা হলফনামা প্রদান, রাজউক বিধিমালা লঙ্ঘন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের আর্থিক সুবিধা দেওয়ার মাধ্যমে প্লট বরাদ্দ নেওয়া হয়।

এই তিন মামলায় শুরু থেকেই শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল পলাতক রয়েছেন।

গত রোববার রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে বিচারক রায় ঘোষণার জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করেছিলেন।

এদিকে, শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে আগামী ১ ডিসেম্বর।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন