জেডআই খান পান্না তলবের ১০ মিনিটেই হাজির, চাইলেন ক্ষমা

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫; সময়: ২:২৫ pm | 
খবর > আইন-আদালত

পদ্মাটাইমস ডেস্ক: রাজশাহীতে র্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১৭ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানিতে তলব করা হলে জেডআই খান পান্না তৎক্ষণাৎ হাজির হন।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টায় ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেলে শুনানি শুরু হয়। প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিত থাকেন।

শুনানির সময় স্টেট ডিফেন্সের আইনজীবী জেডআই খান পান্নাকে ট্রাইব্যুনাল ফোনে হাজির হতে বলেন। মাত্র ১০ মিনিটের মধ্যে তিনি হুইলচেয়ারে করে অন্য আইনজীবীদের সঙ্গে উপস্থিত হন। ট্রাইব্যুনাল তার শারীরিক অবস্থা জানতে চাইলে পান্না জানান, তিনি অসুস্থ। তবে মামলায় না দাঁড়ানোর জন্য রেজিস্ট্রার কার্যালয়ে লিখিত চিঠি পাঠিয়েছেন।

ট্রাইব্যুনাল তার আচরণ নিয়ে সতর্ক করে বলেন, তিনি নিজে আগ্রহ দেখিয়ে আইনজীবী হয়েছেন, সেক্ষেত্রে আদালতে উপস্থিত হতে হবে। এছাড়া ভিডিও বার্তায় ট্রাইব্যুনালের প্রতি মন্তব্য করা নিয়ে জিজ্ঞাসা করা হলে জেডআই খান পান্না নিঃশর্ত ক্ষমা চেয়ে নেন।

পরবর্তী সময়ে তার স্থলে স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে মো. আমির হোসেনকে নিয়োগ দেওয়া হয়।

এর আগে, গত ২৩ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করা হয়েছিল। জেডআই খান পান্না তখনও শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্সের আবেদন করেছিলেন।

মামলায় গ্রেপ্তার ১০ সেনা কর্মকর্তা ও পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, র‌্যাবের সাবেক মহাপরিচালকসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন