নওগাঁয় তাপমাত্রা নেমে ১২ ডিগ্রি, শীতের তীব্রতা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ: উত্তরাঞ্চলের জেলা নওগাঁয় ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা। রাতের দিকে ঠান্ডার প্রভাব বেশি থাকলেও দিনে সূর্যের দেখা মিললে কিছুটা কমে আসে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টায় বদলগাছি আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণ অফিস জেলায় সর্বনিম্ন ১২.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। আগের দিন এ তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস।
বদলগাছি কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, “গত দিনের তুলনায় তাপমাত্রা আরও ১ ডিগ্রি কমেছে। শীত মৌসুম শুরু হওয়ায় নওগাঁয় এখন তাপমাত্রা নিম্নমুখী। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও আকাশে সূর্যের দেখা না মিললে শীতের দাপট বজায় থাকবে। ভোরে কৃষি কাজ বা জীবিকার প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষদের গরম কাপড় ব্যবহারের পরামর্শ দিচ্ছি।”
দিনমজুর ইসমাইল বাবুর ভাষায়, “দিন এনে দিন খাই। তাই সকালে খুব ভোরে কাজের জন্য বের হতে হয়। গরম কাপড় নেই, তাই শীতকে সঙ্গী করেই কাজ করতে হয়। প্রতিদিনই ঠান্ডার সঙ্গে লড়াই করতে হয়।”
অন্যদিকে কৃষক মঞ্জুর হোসেন জানান, “এ সময় মাঠে আলু, শীম, ফুলকপি, ধানসহ শীতকালীন ফসল রোপণের ধুম পড়ে। এগুলোর পরিচর্যার জন্য ভোরের আলো ফুটার আগেই মাঠে যেতে হয়। কুয়াশা থাকে, তবে বেলা বাড়লে রোদের দেখা মেলে।”
সংশ্লিষ্টরা জানান, প্রতি বছরের মতো এবারও নওগাঁয় আগাম শীতের আগমন স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। তাপমাত্রা আরও কমলে শীতের দুর্ভোগ বাড়তে পারে।




