কেরু অ্যান্ড কোম্পানিতে আখ মাড়াই শুরু, চার হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্য

পদ্মাটাইমস ডেস্ক : দেশের সবচেয়ে বড় চিনিকল চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানিতে চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার দোয়া মাহফিলের পর বিকেল ৫টায় কেইন ক্যারিয়ারে আখ নিক্ষেপের মধ্য দিয়ে মাড়াই উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ফ্যাসিবাদী সরকার বেশ কয়েকটি চিনিকল বন্ধ করে দিয়েছিল। বর্তমান সরকার সেগুলো পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে এবং বাস্তবায়নও করছে। তবে শুধু সরকারি ভর্তুকিতে এই শিল্প টিকিয়ে রাখা সম্ভব নয়—এতে বড় বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ এলে সব চিনিকল চালু করা সম্ভব হবে এবং চিনি শিল্প লাভের মুখ দেখবে।
অনুষ্ঠানে খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, কেরুর ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
চিনিকল কর্তৃপক্ষ জানায়, আখের দাম বাড়ায় আখ চাষ বেড়েছে, পাশাপাশি উৎপাদন বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। গত বছরের তুলনায় এ মৌসুমে আখের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
২০২৫-২৬ মৌসুমে ৭৬ হাজার টন আখ মাড়াই করে ৫.৬০ রিকভারি হারে চার হাজার ২৫৬ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।




