রাজশাহীর সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব ফ্রিজ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও তার পরিবারের ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১১ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান এ বিষয়ে আদালতে আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, এএইচএম খায়রুজ্জামান লিটন এবং তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে থাকা ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। এসব লেনদেন সংঘবদ্ধ অপরাধ ও অর্থ পাচারের সঙ্গে সম্পৃক্ত, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২ (শ) ধারার আওতাভুক্ত অপরাধ।
আবেদনে আরও বলা হয়, খায়রুজ্জামান লিটন ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে অর্জিত অর্থ ব্যাংক হিসাবে স্থানান্তর, সম্পদ অর্জন এবং ভোগ-বিলাসে ব্যবহারের প্রাথমিক সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযুক্ত ব্যক্তিরা যাতে এসব ব্যাংক হিসাবে থাকা অর্থ উত্তোলন, পাচার কিংবা অন্যত্র স্থানান্তর করতে না পারেন, সে জন্য ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন- এমন যুক্তি তুলে ধরা হয় আবেদনে। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৬ মার্চ আদালত সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী শাহীন আক্তার এবং দুই মেয়ে আনিকা ফারিহা জামান ও মায়সা সামিহা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।




