নারায়ণগঞ্জে ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রে’ফতারি পরোয়ানা

পদ্মাটাইমস ডেস্ক: জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা এলাকায় রিয়া গোপসহ ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমানসহ মোট ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন।
অভিযোগে বলা হয়েছে, গত ১৯ ও ২১ জুলাই নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় দেশীয় ও বিদেশি অস্ত্র হাতে নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলায় নেতৃত্ব দেন শামীম ওসমান ও তার অনুসারীরা। আন্দোলন দমনের পরিকল্পনা করতে তারা নারায়ণগঞ্জ ক্লাবে বৈঠক করেন এবং রাইফেলস ক্লাব থেকে অস্ত্র লুট করে শিক্ষার্থীদের ওপর হামলা চালান।
আরও অভিযোগে উল্লেখ করা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনে আলোচনা শেষে শামীম ওসমান নিজেই অস্ত্র হাতে মাঠে নামেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আওতায় মোট তিনটি অভিযোগ আনা হয়েছে।
ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, পরোয়ানা জারির মাধ্যমে আসামিদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে এবং মামলার পরবর্তী কার্যক্রম শিগগিরই শুরু হবে।




